নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ

0
47

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবার ও তাদের সমর্থকরা। তারা অভিযোগ করছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযান জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। খবর আল জাজিরা।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বন্দি মাতান জানগাউকার, মাতান আংরিয়েস্ট এবং রম ব্রাসলাভস্কির পরিবার বর্তমানে নেতানিয়াহুর বাসভবনের বাইরে অবস্থান করছেন।

হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে বড় সামরিক অভিযানের খবর পরিবারগুলো গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ করছে। তাদের দাবি, গাজা সিটিতে এখনো অনেক জীবিত বন্দি রয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে তাদের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিচ্ছেন, যা সেনাপ্রধান ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়নকে উপেক্ষা করছে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “হামাস যেখানেই থাকবে, ইসরায়েল সেখানেই হামলা চালাবে।”

বৈঠকে রুবিও কাতারে হামলার কারণে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এবং ইসরায়েলের আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান। তবে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে একে অপরকে রক্ষা করবে।

কাতারে হামলার সমালোচনার জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বিরোধীরা দ্বিমুখী আচরণ করছে। তিনি পুনর্ব্যক্ত করেন, “হামাস যেখানেই আছে, ইসরায়েল সেখানেই হামলা চালাবে।”

তথ্যসূত্র: আল জাজিরা, দ্য টাইমস অব ইসরায়েল