বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিভিল সার্জন অফিসে এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করা হয় এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবা ও খাবারের মান সম্পর্কে তথ্য নেওয়া হয়।
দুদক কর্মকর্তারা পৃথক দুই অভিযানে সিভিল সার্জন অফিস ও হাসপাতালের বিভিন্ন নথি সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, সিভিল সার্জন অফিসে ১১৫ জন নিয়োগের বিষয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট সব তথ্য চাওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, খাবারের মান, চিকিৎসকদের ডিউটি না করা এবং রোগী হয়রানির মতো বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

