জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি চরমোনাই পীরের

0
36

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, জাতীয় নির্বাচন অবশ্যই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে দিতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উত্তরা আজমপুরের মুগ্ধ মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানটি ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটি ও ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে এবং জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে।”

তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনের হাতপাখা প্রতীক প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেনকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। এসময় আনোয়ার হোসেনকে হাতপাখা প্রতীক হস্তান্তর করা হয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম, মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুহাম্মদ আব্দুল আজিজ, মুহাম্মদ আবু হানিফ, মাওলানা হাম্মাদ বিন মোশাররফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।