বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ নাহিদের আংশিক সাক্ষ্য গ্রহণের পর এ আদেশ দেন।
এদিন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে আদালতে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের অবশিষ্ট জেরা সম্পন্ন হয়।
গত ১০ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছিলেন এ মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি ট্রাইব্যুনালে বলেন, আন্দোলনের সময় হত্যা ও গণহত্যার অভিযোগ সত্য এবং নিজেকে দোষী সাব্যস্ত করেন। একইসঙ্গে তিনি রাজসাক্ষী হয়ে আদালতে বিস্তারিত তথ্য প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন।
ওইদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে এবং তাদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয়।
প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে আসামিদের বিরুদ্ধে। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২ হাজার ৭২৪ পৃষ্ঠার। এ মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।

