লিবিয়ার শরণার্থীবোঝাই নৌকায় আগুনে পুড়ে নিহত ৬০

0
52

লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) ৭৫ জন আরোহী নিয়ে নৌকাটিতে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে। খবর আল জাজিরার।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, জীবিতদের মধ্যে ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আইওএম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি।

আইওএমের তথ্যমতে, গত মাসে ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে ৮৬ জন নিহত হন এবং বহু মানুষ নিখোঁজ হন। গত বছর শুধু ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়।

এছাড়া গত আগস্টে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যামপেদুসার কাছে দুটি নৌকা ডুবে ২৭ জনের প্রাণহানি ঘটে। জুন মাসে লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ৬০ জন নিখোঁজ হন।

অধিকার গোষ্ঠী ও জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন। এর মধ্যে রয়েছে ধর্ষণ, চাঁদাবাজি ও মারধর। এনজিওগুলোর অভিযোগ, রাষ্ট্র পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাওয়ায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়া আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।