নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে একপক্ষের সমর্থকরা তার উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথায় আঘাত লাগে এবং তা ফেটে যায়।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আইয়ুব খানসহ অন্যান্য সংবাদকর্মীরা। এসময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা। একপর্যায়ে তারা লাঠিসোটা দিয়ে আইয়ুব খানের মাথায় উপুর্যপরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে অন্যান্য সংবাদকর্মী ও উপস্থিত লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে ভেতরে নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির জানান, ঘটনাটির পরপরই তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়েছে এবং মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

