তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান গেলেন বাংলাদেশের ৭ আলেম

0
52

তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গিয়েছে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের ছয় আলেমের একটি প্রতিনিধিদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এ তথ্য জানান।

সফরকালে প্রতিনিধিদল ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থা সরাসরি পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। একইসঙ্গে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

মামুনুল হক ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধিদল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কার প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন। ওমরাহ শেষে বুধবার সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান।