নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তিনি নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য প্রকাশ করেন।
ওই স্ট্যাটাসে তিনি লিখেন, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনায় তিনি গভীর সমবেদনা জানান এবং শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এছাড়া ১৯ সেপ্টেম্বর নেপালের জাতীয় দিবস উপলক্ষে নেপালের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথ নেওয়ার পরপরই তিনি ঘোষণা দেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন তিনি নেপালের সংসদও বিলুপ্ত ঘোষণা করেন।

