বিনিয়োগ ভবনে ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপনে বিডা-ডেসকোর চুক্তি

0
57

বিনিয়োগ ভবনে ১৫০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপনে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন শামীম আহমেদ (বি. জে.) এনডিসি, পিএসসি।

বিডার পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মো. মারুফুল আলম এবং ডেসকোর পক্ষে স্বাক্ষর করেন কোম্পানি সচিব প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।

চুক্তি অনুযায়ী, বিনিয়োগ ভবনের ছাদে ৯১০৫ বর্গফুট জায়গাজুড়ে স্থাপিত হবে সৌরবিদ্যুৎ সিস্টেমটি। প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে সিস্টেম স্থাপন এবং ২০ বছরের রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৭ লাখ টাকা।

প্রকল্পটি থেকে ২০ বছরে আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে, যার আর্থিক মূল্য প্রায় ২ কোটি ৯৯ লাখ টাকা। উৎপাদিত বিদ্যুতের ৯০ শতাংশ ব্যবহার করবে ডেসকো, আর অবশিষ্ট ১০ শতাংশের মূল্য দেবে বিডা। পাশাপাশি অর্জিত কার্বন ক্রেডিট সমানভাবে ভাগ হবে দুই প্রতিষ্ঠানের মধ্যে।

চলতি বছরের ১ অক্টোবর টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে এবং আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরকারি দপ্তরের জন্য এই প্রকল্প একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য মডেল হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে চালু হওয়া ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম–এর আওতায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। এর লক্ষ্য ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ নিশ্চিত করা।