স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে অনেকেরই একটি সাধারণ সমস্যা হলো ফোন গরম হয়ে যাওয়া এবং ব্যাটারি ফুলে যাওয়া। আগের মতো ব্যাটারি সহজে খোলা না যাওয়ায় এখন এ সমস্যা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যাটারি ফুলে গেলে তা অবহেলা করা বিপজ্জনক। ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণ বা আগুন ধরাতে পারে। তাই ব্যাটারি ফুলে গেলে সঙ্গে সঙ্গে অথরাইজড সার্ভিস সেন্টারে গিয়ে তা পরিবর্তন করতে হবে। কখনও নিজের হাতে ডাস্টবিনে ফেলা যাবে না; বরং রিসাইক্লিং বা ইলেকট্রনিক ওয়েস্ট কালেকশন সেন্টারে জমা দেওয়া উচিত।
কেন ব্যাটারি ফুলে যেতে পারে:
ব্যাটারির ভেতরে গ্যাস তৈরি হওয়া: লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারির ইলেক্ট্রোলাইট জেল গ্যাসে পরিণত হলে ব্যাটারি ফুলে ওঠে।
অতিরিক্ত চার্জিং: বারবার চার্জ দেওয়া বা দীর্ঘসময় চার্জারে লাগিয়ে রাখলে এ সমস্যা হয়।
ফোন অতিরিক্ত গরম হওয়া: বিশেষ করে চার্জিংয়ের সময় গরম হলে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া হয়।
নকল বা নিম্নমানের চার্জার/ব্যাটারি ব্যবহার: ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণ ঠিক না থাকলে ব্যাটারির ক্ষতি হয়।
ব্যাটারির বয়স: সাধারণত ২-৩ বছর পর ব্যাটারির কর্মক্ষমতা কমে গিয়ে ফুলতে পারে।
ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা শর্ট সার্কিট: সেলের ভেতরে সমস্যা থাকলেও এমনটা হতে পারে।
প্রতিরোধের উপায়:
১. সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
২. ফোনকে অতিরিক্ত গরম হতে দেবেন না (গেম খেলার সময় ও রোদে রাখা এড়িয়ে চলুন)।
৩. দীর্ঘসময় ১০০% চার্জে রেখে দেবেন না।
৪. ২০-৮০% চার্জের মধ্যে রাখার চেষ্টা করুন।
৫. ব্যাটারি ২-৩ বছর ব্যবহার হলে প্রয়োজনে নতুন ব্যাটারি লাগান।

