যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়।
বুধবার স্থানীয় সময় নর্থ কোডোরুস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া একটি পারিবারিক তদন্তের কাজে সেখানে গিয়েছিলেন। তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি রাজ্যের সব পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। তিনি বলেন, “এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে আমাদের আরও ভালো করতে হবে।”
ঘটনার তদন্তে এফবিআই এবং ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে।
সূত্র: রয়টার্স, এপি

