বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি জানায়, আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে এবার ১৭৬ জনকে দেশে ফেরানো হলো।
প্রত্যাবাসিতরা লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট (UZ222) যোগে সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান।
রাষ্ট্রদূত বলেন, অবৈধ অভিবাসনের ফলে শুধু ব্যক্তির নয়, পরিবার ও সমাজেরও বড় ধরনের ক্ষতি হয়। এটি দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে। তাই ভবিষ্যতে সবাইকে অবৈধ পথে বিদেশগমন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।