শ্রীলঙ্কার জয়ে ভাগ্য খুললো বাংলাদেশের, সুপার ফোর নিশ্চিত

0
70

শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা—বাংলাদেশ কি ছিটকে যাবে, নাকি মিলবে সুপার ফোরের টিকিট? নেট রান রেটের জটিল সমীকরণে কেউ বলছিল বিদায় নিশ্চিত, আবার কারও ভরসা ছিল শ্রীলঙ্কার হাতে। শেষ পর্যন্ত সেই ভরসাই সত্যি হলো। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুধু সুপার ফোর নিশ্চিত করলো লঙ্কানরা, একই সঙ্গে ভাগ্যের দুয়ার খুলে দিল বাংলাদেশেরও।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। ওপেনার গুরবাজ (১৪) ও আতল (১৮) দ্রুত সাজঘরে ফেরার পর দল চাপে পড়ে। ইব্রাহিম জাদরান (২৪) ও রশিদ খান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংসের প্রাণভোমরা ছিলেন মোহাম্মদ নবী। তার ব্যাট থেকে আসে ৬০ রান। তবে লঙ্কান পেসার নুয়ান তুশারা শুরুতেই জোড়া আঘাত হেনে আফগান ইনিংস ভাঙচুর করে দেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই খেলেছে ইতিবাচক ব্যাটিং। টপ অর্ডারের কার্যকর ইনিংস আর জুটিতে সহজ হয়ে যায় সমীকরণ। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।

এই জয়ের ফলে গ্রুপের সমীকরণ পাল্টে যায়। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ জায়গা করে নেয় সুপার ফোরে, বিদায় নেয় আফগানিস্তান। এর আগে হংকংয়ের বিদায় নিশ্চিত হয়েছিল।

ঢাকায়ও তাই শ্রীলঙ্কার জয় উদযাপিত হলো উল্লাসে। অন্য দলের জয়ে বেঁচে থাকার সুযোগ পেল বাংলাদেশ। তবে এখন সামনে কঠিন চ্যালেঞ্জ—সুপার ফোরে সেরাটা খেলেই আস্থার প্রতিদান দিতে হবে টাইগারদের।