আক্রমণাত্মক ড্রোন পরীক্ষা তদারকি করলেন কিম জং উন

0
95

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আক্রমণাত্মক ড্রোনের একটি পরীক্ষা তদারকি করেছেন। এ সময় তিনি ড্রোন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার নির্দেশ দেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়।

কেসিএনএ প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন উড়ছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করছে। প্রতিবেদনে বলা হয়, মহড়ায় ‘কুমসং সিরিজের ট্যাকটিক্যাল অ্যাটাক ড্রোন’ চমৎকার যুদ্ধক্ষমতা প্রদর্শন করেছে এবং এতে কিম জং উন গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

কিম বলেন, ড্রোন এখন একটি মূল সামরিক সম্পদে পরিণত হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের শীর্ষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি দ্রুত এআই প্রযুক্তি উন্নয়ন এবং ড্রোন উৎপাদন সক্ষমতা বিস্তারের নির্দেশ দেন।

সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন মন্তব্য করেন, কিম জং উন ড্রোন প্রযুক্তিকে বিশ্বশক্তি হিসেবে অবস্থান তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছেন।

উত্তর কোরিয়া প্রথম আক্রমণাত্মক ড্রোন উন্মোচন করে গত বছর। বিশেষজ্ঞদের মতে, এই সক্ষমতা উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান জোটের ইঙ্গিত হতে পারে। তারা আরও বলেন, রাশিয়ার হয়ে যুদ্ধরত উত্তর কোরিয়ান সেনারা আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করছে।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার দাবি, ২০২৪ সালে উত্তর কোরিয়া ১০ হাজারের বেশি সেনা রাশিয়ায় পাঠিয়েছে। সিউল জানিয়েছে, এদের মধ্যে প্রায় ৬০০ সেনা নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ, ফ্রান্স২৪, এএফপি