দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণ আলাদা করে প্রজ্ঞাপন জারি

0
69

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদিন জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজ—এই তিন পর্যায়ের বিচারকদের একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হতো। একই বিচারকের ওপর দুই ধরনের দায়িত্ব থাকায় মামলাজট ও দীর্ঘসূত্রিতা বেড়েছে।

বর্তমানে দেশের অধস্তন আদালতগুলোতে প্রায় ১৬ লাখ দেওয়ানি মামলা এবং ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন। ফৌজদারি মামলার সংখ্যা বেশি হলেও বিচারকদের উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয়েছে। এর ফলে মামলা নিষ্পত্তির গতি কমে গেছে এবং মামলাজট বেড়েছে।

এই পরিস্থিতি বিবেচনায় পৃথকভাবে ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব আদালতে বিচারকরা শুধুমাত্র ফৌজদারি মামলার বিচার করবেন। এতে করে বিচারকদের দ্বৈত দায়িত্বের অবসান ঘটবে এবং বিচারিক কার্যক্রমে গতি আসবে।

যুগান্তকারী এই সিদ্ধান্তের ফলে জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাবে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতেই মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বিদ্যমান মামলাজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।