নওগাঁয় ভুয়া পুলিশ পরিচয়ে চারজন ও চাঁদাবাজির সময় দুই যুবক গ্রেপ্তার

0
66

নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তারের চেষ্টা করার সময় এক নারীসহ ভুয়া চার পুলিশ সদস্যকে এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের জলিল চত্বর চেকপোস্টে ভুয়া চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক, দুটি হ্যান্ডকাফ, দুটি ডেমো শর্টগান ও একটি ডেমো পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার উত্তর ভাটারার সাবরিনা (২৯), নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), দ্বীন ইসলাম (৩৮) ও ঢাকার ফুল মিয়া (৪২)। তাদের বিরুদ্ধে সদর থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার জানান, তারা পুলিশের পোশাক ও অস্ত্র ব্যবহার করে কোনো অপকর্ম বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া এলাকা থেকে গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—নওগাঁ শহরের আরিফ (২৯) এবং ফরহাদ হোসেন ওরফে শোভন (২৯)।

পুলিশ সুপার জানান, তারা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে কর্মরত এক নারী স্টাফের কাছে আওয়ামী সমর্থক তকমা দিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে দরদামের মাধ্যমে ৭০ হাজার টাকায় সমঝোতা হয়। টাকা নেওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।