ফের বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান আফগানিস্তানের

0
121

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বাগরাম ঘাঁটি ফিরে পেতে চাই। এটি একটি কৌশলগত জায়গায় অবস্থিত, চীনের খুব কাছে।”

তবে আফগানিস্তান ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল এক্সে পোস্ট করে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাবুল পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক রাখতে আগ্রহী। তবে আফগানিস্তানে মার্কিন সেনা বা সামরিক উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

জালাল আরও বলেন, “আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটির প্রয়োজন নেই।”

বাগরাম বিমানঘাঁটি সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল। ৯/১১ হামলার পর এটি যুক্তরাষ্ট্রের আফগানিস্তানে প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। তবে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর অল্প সময়ের মধ্যেই তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেয়।