বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে এবং আরেকটি হাসিনার আবির্ভাব ঘটবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতের পাঁচ দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উপযুক্ত সরকার। ড. ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে সংকট না বাড়িয়ে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা উচিত। বিদ্যমান কাঠামোর অধীনে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক মহলের প্রভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। জুলাই সনদের খসড়ায় জনআকাঙ্ক্ষাবিরোধী প্রস্তাব যুক্ত হয়েছে, যা সংশোধন না করলে দেশ মহাবিপর্যয়ে পড়তে পারে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিদ্যমান কাঠামোর সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তা নিয়ে দুরভিসন্ধিমূলক মন্তব্য করা হচ্ছে। এতে স্পষ্ট হয়, লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা আসছে না।
তিনি আরও বলেন, আলোচনা চলমান থাকলেও কোনো সমাধান না হওয়ায় আন্দোলনে নামতে হচ্ছে। জরিপে দেখা গেছে ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে। তাই গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের আহ্বান জানান তিনি। জনগণ যে সিদ্ধান্ত নেবে, জামায়াত তা মেনে নেবে বলেও ঘোষণা দেন মিয়া গোলাম পরওয়ার।

