রাশিয়ার পূর্বাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

0
78

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে, ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়, জাপান, আলাস্কা, গুয়াম, হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে সুনামি আঘাত হানতে পারে।

কামচাতকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩–৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সেভেরো-কুরিলস্কসহ কয়েকটি উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সুনামি ঝুঁকি রয়েছে। তবে হাওয়াইতে সুনামি আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কামচাতকা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১১ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

সূত্র: উইওয়ান নিউজ