প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে রাজধানীতে আলেমদের বিক্ষোভ

0
92

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে সম্মিলিত আইম্মা পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তাদের দাবি, গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং শিক্ষার্থীদের চরিত্র নষ্ট হয়। কোরআন-হাদিসভিত্তিক শিক্ষা দিলে তারা প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি। দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান হলেও শিক্ষা ব্যবস্থায় ফরজে আইন শিক্ষা নিশ্চিত করা হয়নি। সরকারকে অবিলম্বে এই দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, সরকার যদি ধর্মীয় শিক্ষক নিয়োগে গড়িমসি করে কিংবা এই দাবি উপেক্ষা করে, তবে আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সরকারকে বাধ্য করা হবে।

বিক্ষোভ শেষে বায়তুল মোকাররম থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা গানের শিক্ষক নিয়োগ বাতিল, ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ইসলামী শিক্ষার প্রসারের দাবিতে স্লোগান দেন।

সমাবেশ ও মিছিলে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।