অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থি হওয়ার চেষ্টা করছে: জোনায়েদ সাকি

0
52

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থানের সুযোগ নিয়ে একটি দল উগ্রপন্থি হওয়ার চেষ্টা করছে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের লড়াইকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় এবং বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে গণসংহতি আন্দোলনের দ্বিতীয় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “কেউ যদি আবার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় মানুষ সেটা মানবে না। এর জন্য আমাদের সংগঠিত হতে হবে। অধিকার ও মানবিক মর্যাদার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করতে হবে। অভ্যুত্থানে হত্যার দায়ে যেসব দল ও ব্যক্তি যুক্ত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায়বিচার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সাকি অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্টরা দেশি-বিদেশি দোসরসহ ভারতীয় আধিপত্যবাদীদের সঙ্গে ষড়যন্ত্র করছে—কীভাবে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া যায়। তবে বিভিন্ন রাজনৈতিক শক্তি এখন ঐক্যবদ্ধ। জনগণই তাদের মতভেদগুলোর মীমাংসা করবে এবং আগামী নির্বাচনে জনগণ সেই সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, “যতটুকু ঐকমত্য হচ্ছে, আমরা তা সমর্থন করেছি। তবে ভবিষ্যতের জনপ্রতিনিধিরা যেন সেই ঐকমত্য বাস্তবায়ন করতে বাধ্য থাকে, তার জন্য একটি বাধ্যবাধকতা তৈরি করতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু এবং সঞ্চালনা করেন জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য সাকিবুল ইসলাম সাফিন। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিরাজ, কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন এবং ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বীথি প্রমুখ।

সম্মেলনের শেষে বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সাবেক ও বর্তমান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু। পরে জোনায়েদ সাকির নেতৃত্বে সদর রোডে একটি মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।