আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালু থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।
তিনি জানান, যাত্রীসেবার মান বাড়াতে রেলওয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ৪ জোড়া ট্রেনের মধ্যে ৩ জোড়া চলবে ঢাকা-কক্সবাজার রুটে এবং ১ জোড়া চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে।
প্রতিটি স্পেশাল ট্রেনে ১৮টি বগি থাকবে। এতে দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসন থাকবে। ভাড়া নিয়মিত সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেসের সমান হলেও যাত্রীদের এসি সিটে ৩০% এবং নন-এসি সিটে ২০% অতিরিক্ত ভাড়া দিতে হবে।
ট্রেন চলাচলের সময়সূচি:
৩০ সেপ্টেম্বর: দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে আসবে এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ যাত্রা করবে।
১ অক্টোবর: সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছেড়ে আসবে। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ চলবে।
৩ অক্টোবর: সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ যাত্রা করবে এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারের দিকে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ চলবে।
৪ অক্টোবর: সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার দিকে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছেড়ে আসবে। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে যাবে এবং ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

