জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ, বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা

0
68

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাহাজ আমদানিতে আগে ৭.৫ শতাংশ ভ্যাট থাকায় তা কঠিন ছিল। তবে বর্তমানে সেই ভ্যাট বাতিল এবং ব্যাংক ঋণের সুযোগ তৈরি হওয়ায় সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীরা জাহাজ শিল্পে বিনিয়োগে আরও আগ্রহী হবেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যে বিভিন্ন বন্দর সচল করেছে এবং মোংলা বন্দরের উন্নয়ন কাজ চলছে, যা অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘‘দীর্ঘদিন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লাভজনক ছিল না। তবে আমার প্রথম বৈঠকেই দেখি তারা সরকারের ঋণ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরপর সিদ্ধান্ত হয়, বিএসসির লাভ দিয়েই নতুন জাহাজ কেনা হবে।’’

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। অন্যদিকে, হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির পক্ষে স্বাক্ষর করেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট মাইকেল এমসি. ডারমন।

বিএসসি নিজস্ব অর্থায়নে দুইটি অত্যাধুনিক ফ্ল্যাটবটম বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনেছে। পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও দ্রুতগতিসম্পন্ন এসব জাহাজ চীনে তৈরি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ক্রয় করা হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজ দুটি যুক্ত হলে বিএসসির বহরে বড় ধরনের উন্নতি ঘটবে। বছরে প্রায় ১৫০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে এবং বহু নাবিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

দুটি জাহাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭৬.৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রাক্কলিত মূল্যের তুলনায় ৪.৬ শতাংশ কম। পরিকল্পনা অনুযায়ী, একটি জাহাজ অক্টোবর এবং অপরটি ডিসেম্বরে বিএসসির বহরে যুক্ত হবে।