মোহনলালের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার: মালয়ালম সিনেমার জয়গান

0
59

দক্ষিণ ভারতের মেগাস্টার মোহনলাল ভারতীয় চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মাননা তুলে দেন তার হাতে।

অনুষ্ঠানে মোহনলাল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী সোনালি পাড়ের সাদা ধুতি-পাঞ্জাবি পরে নিজের প্রাদেশিক সংস্কৃতিকে তুলে ধরেন। পুরস্কার গ্রহণের পর তিনি এটি গোটা মালয়ালম চলচ্চিত্র শিল্পকে উৎসর্গ করেন। তিনি বলেন, “রাজ্যের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় দাদাসাহেব পুরস্কারবিজয়ী হিসেবে আমি মনে করি, এই জয় আমার একার নয়, গোটা মালয়ালম ইন্ডাস্ট্রির। আমাদের সৃজনশীলতার উত্তরাধিকারের প্রতীক এই সম্মান।”

মোহনলালের এই অর্জনে উচ্ছ্বসিত বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। তিনি এক্স হ্যান্ডলে মালয়ালম ভাষায় পোস্ট করে মোহনলালকে শুভেচ্ছা জানান। অমিতাভ লেখেন, “আমি খুশি মোহনলাল জি, আপনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ভীষণ আনন্দ হচ্ছে এবং এটাই শিল্পীর সর্বোচ্চ স্বীকৃতি। আন্তরিক অভিনন্দন। আমি আপনার কাজ এবং শিল্পীসত্তার মহান ভক্ত। আপনার অজেয় প্রতিভা দিয়ে এভাবেই আমাদের গর্বিত করতে থাকুন এবং আমাদের সবার জন্য ‘পাঠ’ হয়ে থাকুন।”

উল্লেখ্য, সাড়ে চার দশকের ক্যারিয়ারে মোহনলাল চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং এর আগে দুবার জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করেছেন। তার অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করে আসছেন এই কিংবদন্তি অভিনেতা।