ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড আর নেই

0
51

ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ডেনিস ‘ডিকি বার্ড’ আর নেই। ৯২ বছর বয়সে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি আম্পায়ার।

তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে কাউন্টি দল ইয়র্কশায়ার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “গভীর দুঃখের সঙ্গে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানাচ্ছে, হ্যারল্ড ডেনিস ‘ডিকি বার্ড’ মারা গেছেন। ৯২ বছর বয়সে নিজের বাসায় শান্তিতে মৃত্যুর পথে পাড়ি জমিয়েছেন ক্রিকেটের অন্যতম প্রিয়ভাজন ব্যক্তিত্ব।”

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শোক জানিয়ে লিখেছে, “ডিকি বার্ডের মৃত্যুতে আমরা শোকাহত। গর্বিত ইয়র্কশায়ারম্যান এবং অত্যন্ত প্রিয় একজন আম্পায়ারকে হারালাম। তাকে সবাই গভীরভাবে মিস করবে। শান্তিতে ঘুমান, ডিকি।”

ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ না পেলেও আম্পায়ার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন বার্ড। ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ইয়র্কশায়ার ও লিস্টারশায়ারের হয়ে ৯৩ ম্যাচ খেলেন তিনি। ব্যাটার হিসেবে ক্যারিয়ার তেমন দীর্ঘ না হলেও ১৯৭০ সালে আম্পায়ার হিসেবে নতুন যাত্রা শুরু করেন।

তার আম্পায়ারিং ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ ফাইনালসহ ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে পরিচালনা করেছেন। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৮৬ সালে ‘এমবিই’ এবং ২০১২ সালে ‘ওবিই’ সম্মাননা প্রদান করা হয় তাকে।

ক্রিকেট ইতিহাসে ন্যায়পরায়ণতা, রসবোধ ও ব্যক্তিত্বের জন্য ডিকি বার্ডকে চিরকাল মনে রাখবে বিশ্ব ক্রিকেট।