ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত মঙ্গলবার টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকির রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
এই মামলায় চাঁদা দাবির অভিযোগে রমনা মডেল থানায় সাংবাদিক আজিজুর রহমান টুটুল মামলা দায়ের করেছেন।
আদালতে হাজির করা আসামি টুকটুকির পক্ষে তার আইনজীবী মোহাম্মদ আশিক আল মামুন রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনগুলো নামঞ্জুর করে।
এর আগে গত ২৮ অগ্রস্ট মাগুড়ার মহম্মদপুর থানার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে টুকটুকি এবং তার সহযোগী শিমুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাদের কারাগারে পাঠানো হয়। গত ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপপরিদর্শক মোহসীন সরকার তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি টুকটুকি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মানসম্মান নষ্টকারী, চাঁদা দাবি করে ভয় দেখানো এবং সমাজে অশ্লীলতা সৃষ্টি করাই তার নেশা ও পেশা।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি রমনার বাসায় অবস্থানকালীন সকাল ১০টার দিকে দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুল দেখেন, ‘খবর মোহাম্মদপুর’ নামক একটি পেজ থেকে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ অসত্য তথ্য প্রচার করছে। এরপর তারা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
গত ২৩ জুলাই রমনা মডেল থানায় অজ্ঞাতকুলতার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

