এনসিপির প্রতীক শাপলাই হতে হবে: সারজিস আলম

0
55

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে শুধু ‘শাপলা’কেই মানতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে, অন্য কোনো বিকল্প গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তা না হলে নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেবো।”

সারজিস আলম দাবি করেন, ইলেকশন কমিশনের সচিব বলেছেন যে তালিকায় শাপলা নেই, তাই প্রতীকটি দেওয়া সম্ভব নয়। কিন্তু এটি কোনো আইনগত বাধা নয়, বরং কেবল তালিকাভুক্ত না থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে।

তিনি মনে করিয়ে দেন, এনসিপি প্রথম নিবন্ধনের সময় থেকেই স্পষ্টভাবে জানিয়েছিল যে তারা শাপলা প্রতীক চায়। তার প্রশ্ন, “তাহলে ওই তালিকায় শাপলা প্রতীক যুক্ত করা কার কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো ওঠবস করেছে?”