জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতের কারও কাছে করুণা চাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, “জামায়াত তার নিজের রাজনীতি করে। জামায়াতে ইসলামীর রাজনীতি ও নীতি খুবই স্পষ্ট। আমরা সব গণআন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাদের শক্তি ও সামর্থ্য দেশবাসী দেখেছে।”
মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। ভারতের কলকাতা থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম ‘এই সময়’-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সাক্ষাৎকারে জামায়াত নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এহসানুল মাহবুব।
তিনি আরও বলেন, “৩০ আসন চাওয়ার বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো আলোচনা বিএনপির সঙ্গে আমাদের হয়নি। আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মির্জা ফখরুলের মতো একজন দায়িত্বশীল ব্যক্তি এমন কথা বলতে পারেন।”
এহসানুল মাহবুব উল্লেখ করেন, বিএনপি তো ২০২২ সালেই জোট রাখেনি। তাই আসন বণ্টন বা করুণা চাওয়ার প্রশ্নই আসে না

