ট্রেন-মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফভাড়া চেয়ে হাইকোর্টে রিট

0
50

বাংলাদেশ রেলওয়ের ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু এবং ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফভাড়া চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মু. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট আবেদন করেন। এতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে মোট ১৩ দফা বিষয়ে রুল ও নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. ট্রেনে দাঁড়ানো যাত্রীদের শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু,
২. শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফভাড়া নির্ধারণ,
৩. রেলস্টেশনে ভেন্ডিং মেশিনে অতিরিক্ত চার্জ বন্ধ,
৪. ভিড় কমাতে ট্রেনে বগি বৃদ্ধি,
৫. সিডিউল অনুযায়ী সঠিক সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করা,
৬. স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট স্থাপন,
৭. দুর্নীতি রোধে টিকিট বিক্রির নতুন স্বচ্ছ ব্যবস্থা চালু,
৮. অসুস্থ ও সম্মুখসারির যাত্রীদের জন্য সিট বুকিংয়ের সুযোগ,
৯. মেট্রোরেলে শুধু মাগরিবের নামাজের স্থান নির্ধারণ,
১০. মেট্রোরেলে পাবলিক টয়লেটের ইজারা বাতিল,
১১. কমলাপুর স্টেশনে জয়দেবপুর কাউন্টারে নরসিংদীর টিকিট বিক্রি,
১২. তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে নিয়মিত পানি ও পাত্র সরবরাহ,
১৩. দুর্ঘটনা রোধে স্টেশন প্ল্যাটফর্মের ভেতরের অবৈধ দোকানপাট উচ্ছেদ।

রিট আবেদনকারীর আইনজীবী জানান, এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

মু. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, “আমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। তাই মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনে জনস্বার্থে কিছু ভালো কাজ করে যেতে হবে, যেন মৃত্যুর পরও তা সদকায়ে জারিয়া হিসেবে থেকে যায়।”