প্রধান উপদেষ্টার সফরে রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি বিতর্কিত: গোলাম মাওলা রনি

0
45

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গী হিসেবে যোগদান বিতর্কিত। তিনি দাবি করেন, এমন কোনো দাওয়াত পেলে তিনি এই সফরে অংশগ্রহণ করতেন না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে রনি এসব কথা বলেন। উপস্থাপকের প্রশ্নে তিনি বলেন, “বিষয়টি যদি সিরিয়াসলি বলি, তাহলে এটি বিতর্কিত। এই কাজটি তাদের করা ঠিক হয়নি। কারণ জাতিসংঘের এই অধিবেশন একটি সম্পূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।”

তিনি যোগ করেন, “আমাকে দাওয়াত দিলে আমি সেখানে যেতাম না। এখন অনেকে বলবেন তোমাকে তো দাওয়াতই দেওয়া হয়নি। সেটা পরের ব্যাপার। বাস্তবতা হলো যে আমি সেখানে যেতাম না।”

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গী হয়ে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

এই সফরে রাজনৈতিক নেতাদের ভূমিকা কী হবে এবং নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিদের কেন নিয়ে যাওয়া হচ্ছে—এসব প্রশ্নও উঠেছে।