আলিয়া মাদ্রাসায় দুর্গাপূজাসহ অন্য ধর্মীয় ছুটি বাতিলের দাবি

0
53

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার আয়োজিত এক মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে দুর্গাপূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিলের দাবি জানিয়েছেন। তাঁদের যুক্তি, এসব মাদ্রাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় এই ছুটি অপ্রয়োজনীয়।

মানববন্ধনে অভিভাবকদের পক্ষে শেখ সা-আদ বিন জানাহ বলেন, বিগত সরকার আলিয়া মাদ্রাসায় ইসলামবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, যার মধ্যে অন্য ধর্মের উৎসব উপলক্ষে ছুটি দেওয়া অন্যতম। তিনি মনে করেন, এটি ইসলামি শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা জানান, অন্য ধর্মাবলম্বীদের তাদের উৎসব পালন ও ছুটি ভোগের মৌলিক অধিকার রয়েছে। তবে আলিয়া মাদ্রাসায় কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় এই ছুটি অর্থহীন। যদি কোনো শিক্ষক ভিন্ন ধর্মাবলম্বী হন, তিনি নিজের ধর্মীয় ছুটি নিতে পারেন, এতে আপত্তি নেই। কিন্তু সব শিক্ষার্থীর জন্য এই ছুটি বাধ্যতামূলক করা শরিয়তসম্মত নয়।

তাঁরা উল্লেখ করেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, আল-ফারুক ক্যাডেট মাদ্রাসার মতো স্বনামধন্য আলিয়া মাদ্রাসাগুলোতে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজনও ভিন্ন ধর্মাবলম্বী নেই। তাই বক্তারা দুর্গাপূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিল করে এসব মাদ্রাসা খোলা রাখার দাবি জানান।