ডাকসু নির্বাচন: অভিযোগের জবাব দিল ঢাবি কর্তৃপক্ষ

0
64

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে প্রার্থীদের উত্থাপিত অভিযোগ ও আবেদনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৪ সেপ্টেম্বর) জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদেরসহ বেশ কয়েকজন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে এই ব্যাখ্যা দিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারটি প্রধান বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে। প্রথমত, সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে বলা হয়েছে, এটি কোনো পাবলিক ডকুমেন্ট নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত আমানত। যেহেতু আবেদনগুলোতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি, তাই পুরো ফুটেজ হস্তান্তর করা সম্ভব নয়। তবে কোনো প্রার্থী যদি সুনির্দিষ্ট সময়ের বা প্রাসঙ্গিক ঘটনার ফুটেজ দেখতে চান, তবে কর্তৃপক্ষের মনোনীত বিশেষজ্ঞের উপস্থিতিতে তা দেখার সুযোগ দেওয়া হবে।

দ্বিতীয়ত, ভোট প্রদানকারী ভোটারদের স্বাক্ষরিত তালিকা প্রসঙ্গে বলা হয়েছে, এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও গোপনীয় নথি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষার স্বার্থে এর কপি প্রদান করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে ভোটার তালিকা উন্মুক্ত করায় নারী শিক্ষার্থীদের ছবি অপসারণের দাবিতে আদালতে রিট হয়েছিল, যা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা নিয়েছে।

তৃতীয়ত, ব্যালট পেপার ছাপানোর বিষয়ে উত্থাপিত অভিযোগের জবাবে প্রশাসন জানিয়েছে, এটি একটি বিশেষায়িত প্রক্রিয়া, যা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সম্পন্ন হয়েছে। একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনের সময় কোনো প্রার্থী বা পোলিং এজেন্ট ব্যালট পেপার নিয়ে কোনো অভিযোগ করেননি, তাই নির্বাচন শেষ হওয়ার দুই সপ্তাহ পর এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে কর্তৃপক্ষ মনে করে।

সর্বশেষে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সকল আবেদন ও অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছে এবং যথাসময়ে প্রত্যেক আবেদনকারীকে জবাব প্রদান করা হবে।