মুন্সিগঞ্জে বাসচাপায় মাদ্রাসাছাত্রী নিহত: যাত্রীবাহী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

0
45

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বাসচাপায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-টঙ্গিবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম আরবী (৬)। সে টঙ্গিবাড়ী উপজেলার সিকদারবাড়ি মহিলা মাদ্রাসার নুরানি শাখার ছাত্রী এবং রান্ধুনীবাড়ি এলাকার মো. আলমগীরের মেয়ে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, টঙ্গিবাড়ী পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকায় যাচ্ছিল। দুপুর ১২টার দিকে বাসটি রান্ধুনীবাড়ি এলাকায় মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে আরবীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই ছাত্রী। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বাসচাপায় এক শিশু নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।