রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক মিগ-২৯এস যুদ্ধবিমান পেল ইরান

0
57

নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে রাশিয়া থেকে অত্যাধুনিক মিগ-২৯এস যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের একজন সদস্যের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম তাস এই খবর নিশ্চিত করেছে। এই পদক্ষেপকে তেহরানের প্রতিরক্ষা আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ জানিয়েছেন, রাশিয়ার তৈরি এসব যুদ্ধবিমান ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে এবং সেগুলো শিরাজ বিমানঘাঁটিতে রাখা হয়েছে। তার মতে, মিগ-২৯এস যুদ্ধবিমানকে আপাতত একটি ‘স্বল্পমেয়াদি সমাধান’ হিসেবে দেখা হচ্ছে, কারণ ইরান আরও উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমানের জন্য অপেক্ষা করছে।

জোহরেভান্দ আরও জানান, ইরান শুধু রাশিয়ার যুদ্ধবিমানের ওপরই নির্ভরশীল নয়। দেশটি একই সঙ্গে চীনের এইচকিউ-৯ মিসাইল সিস্টেম এবং রাশিয়ার উন্নতমানের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে। তিনি বলেন, এসব নিয়ে সমস্ত কার্যক্রম বর্তমানে “প্রক্রিয়াধীন”। এই সামরিক সহযোগিতার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সামরিক চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।