রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকা থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার দুপুর ২টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ও শেরে বাংলা নগর মূল সড়কে একযোগে অভিযান চালিয়ে তেজগাঁও বিভাগের পুলিশ এই আটককরণ করে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আলমগীর কবির আজকের পত্রিকাকে জানান, ‘আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, নেতা-কর্মীরা যেসব স্থানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, সেসব স্পটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


