চাপের কারণে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস আলম

0
43

নির্বাচন কমিশনের (ইসি) ওপর চাপ থাকার কারণে তারা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের পছন্দের শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এর পেছনে কোনো আইনি বাধা নেই, এটি সম্পূর্ণ ইসির ব্যর্থতা।

বৃহস্পতিবার মৌলভীবাজারে একটি রেস্তোরাঁয় এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না, এবং এই দলগুলোকে নিষিদ্ধ করে তাদের বিচার করা উচিত।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছিল, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে।

একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি জানান, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ ও এনসিপি একসঙ্গে কাজ করছে। মানুষের চাওয়া এই দুটি দল যেন একসঙ্গে থাকে, এবং এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের সভা শেষে তারা হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। এর আগে তিনি জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।