প্রেম করে বিয়ের পর ডিভোর্স হওয়ায় এক যুবক মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। এই কাণ্ড ঘটিয়েছেন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আহসান হাবিব। তার এই উদ্ভট ‘উৎসব’ এখন স্থানীয় মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে এলাকার এক তরুণীর সঙ্গে হাবিবের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে কলহ শুরু হয়, যার ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়।
হাবিবের অভিযোগ, তিনি বিদেশে গিয়ে অনেক টাকা নষ্ট করে অসুস্থ হয়ে ফিরে এসেছেন। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন এবং ডিভোর্স দিয়েছেন। হাবিবের ভাষ্যমতে, “আজকে অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে। যখন আমার কাছে টাকা ছিল, তখন সে আমাকে ভালোবেসেছিল। এখন টাকা নেই বলে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। সেই কষ্ট থেকে দুধ দিয়ে গোসল করে কিছুটা স্বস্তি পেলাম।”
বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনে বালতিতে দুধ এনে সবার সামনেই হাবিব গোসল করেন। এ সময় সেখানে উপস্থিত থাকা স্থানীয় মানুষজন এমন ঘটনা দেখে অবাক হন। গোসল শেষে হাবিব বলেন, “ভালোবাসা ছিল, কিন্তু সংসার টিকল না। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব।”
এই ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ‘মুক্তির’ উদযাপন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে নিছক নাটকীয়তা বা আবেগের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করছেন।

