বিপৎসীমার উপরে হ্রদের পানি: খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

0
49

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে গেটগুলো খোলা হয়। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মতো কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৪৬ এমএসএল (মিনস সি লেভেল), যা বিপৎসীমার উপরে। এ কারণে পানি ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, বর্তমানে হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানির স্তর অপ্রত্যাশিতভাবে বাড়ে, তাহলে জলকপাটগুলো আরও বেশি খোলা হবে।

এর আগে, চলতি মাসের ৫ আগস্ট রাতে কাপ্তাই হ্রদের পানি ১০৯ ফুটের কাছাকাছি চলে আসায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল। পরবর্তীতে পানির স্তর আরও বেড়ে যাওয়ায় তা সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খোলা হয়। হ্রদের পানির উচ্চতা কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯টায় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এ মাসের ৮ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো ছয় ইঞ্চি করে জলকপাট খোলা হয়েছিল।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে আরও ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। সব মিলিয়ে প্রতি সেকেন্ডে মোট ৪১ হাজার কিউসেক পানি নদীতে নির্গত হচ্ছে। বর্তমানে এই কেন্দ্র থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।