সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আসন্ন। আর মাত্র দু’দিন বাকি। শরতের এই সময়ে ক্ষণে ক্ষণে বৃষ্টির মধ্যেই মণ্ডপগুলোতে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীরা রং-তুলির নিপুণ আঁচড়ে প্রতিমাগুলোকে সাজিয়ে তুলছেন, যা এখন কেবল মণ্ডপে নেওয়ার অপেক্ষায় আছে।
সরেজমিনে রাজধানী ঢাকার বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমা শিল্পীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সময়মতো প্রতিমা হস্তান্তর করতে তারা ব্যস্ত। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকসহ সব প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে তুলির আঁচড়ে চলছে শেষ মুহূর্তের কাজ। শিল্পীরা কেউ রং তৈরি করছেন, কেউ প্রতিমায় অলংকার পরাচ্ছেন, আবার কেউবা কেবল রঙের প্রলেপ দিচ্ছেন।
২৭ সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে হবে, কারণ ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে মূল পূজার আয়োজন শুরু হবে। প্রতিমা তৈরি করে সেটিতে রং দেওয়াটা বেশ আনন্দের। যদিও মৃৎ শিল্পীরা আর্থিক দিক থেকে তেমন একটা সম্মান পান না, তারপরও একজন শিল্পী হিসেবে এই পরিচয় পেয়ে তারা গর্বিত। মৃৎ শিল্পীরা মূলতঃ বাবা ও দাদাদের কাছ থেকে এই কাজ শিখেছেন এবং এখন এই কাজ করেই সংসার চালাচ্ছেন।
উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার সূচনা হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

