সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক হওয়া ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে একটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়।
হস্তান্তরকৃতরা হলেন: সাতক্ষীরার কালিগঞ্জের নেয়ামত আলী, তার স্ত্রী পাপিয়া বেগম এবং পাটকেলঘাটার শীলা আক্তার সরবানু ও তার দুই সন্তান হাবিব মোল্লা ও লাবিবা মোল্লা। এছাড়াও খুলনার তেরখাদা উপজেলার আব্দুল মোছা, তার স্ত্রী আফরোজ মোল্লা ও মেয়ে রুকাইয়া খাতুন; এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছাঃ মোসলেমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে এই ১০ জন নাগরিক অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফের হাতে ধরা পড়েন। এরপর বুধবার সন্ধ্যায় বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

