সাফ অনূর্ধ্ব–১৭: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0
57

সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল দুটি করেন অধিনায়ক নাজমুল হুদা ও অপু রহমান। এর মাধ্যমে বাংলাদেশ আবারও এই টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলে পাকিস্তানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন অধিনায়ক নাজমুল হুদা। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই অপু রহমান ডান প্রান্ত থেকে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন। দ্রুত দুটি গোল হজম করে পাকিস্তান রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা ধীর গতিতে খেললেও পাকিস্তান গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের তরুণরা।

ফাইনালের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের দেখা হতে পারে ভারতের সঙ্গে। আজ রাতের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত। আগামী শনিবার এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে শিরোপার জন্য লড়বে বাংলাদেশের অনূর্ধ্ব–১৭ দল।