ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

0
49

বাংলাদেশের শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ভারত পছন্দ করছে না, যার কারণে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা সবার জন্য উপকারী। তিনি বলেন, “আমাদের ভারতীয়দের সঙ্গে বর্তমানে সমস্যা হচ্ছে, কারণ তারা শিক্ষার্থীদের কার্যকলাপ পছন্দ করছে না।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং ভারত থেকে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলে ড. ইউনূস বলেন, এসব কারণে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়েছে। তিনি বলেন, ভারতের সংবাদমাধ্যমে ইসলামি আন্দোলন ও তালেবান-সংক্রান্ত ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি মজার ছলে বলেন যে, এমনকি তাকেও ‘তালেবান’ বলা হয়েছে, যদিও তার দাড়ি নেই।

শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং সার্কের মতো আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোকে কার্যকর করা। তিনি বলেন, “সার্ক একটি পরিবারের মতো, যার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করা।”

ড. ইউনূস মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানের ওপরও জোর দেন। তিনি বলেন, “রোহিঙ্গারা চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারবে, তাদের ঘরবাড়ি, ব্যবসা ও পেশায় ফিরে যেতে পারবে।” তিনি আরও বলেন, বাংলাদেশের অনানুষ্ঠানিকভাবে আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ রয়েছে এবং এটি আঞ্চলিক সমন্বয় ও আন্তঃসংযোগের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম।