মার্কিন ৬ কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

0
47

ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আলোচনার মধ্যেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেইজিংয়ের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে চীনের ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় থাকা কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না।

মন্ত্রণালয় জানায়, এই কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে তথাকথিত সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত হয়েছে, যা “চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।”

যে তিনটি কোম্পানি ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত হয়েছে:

  • সারনিক টেকনোলজিস (মনুষ্যবিহীন যানবাহন নির্মাতা)
  • অ্যারকম (স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি)
  • ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল (সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম)

এছাড়াও, আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। এর ফলে তারা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ‘দ্বৈত ব্যবহারের’ পণ্যের চীনা চালান গ্রহণ করতে পারবে না।

অন্যান্য নিষেধাজ্ঞার মুখে থাকা তিনটি কোম্পানি:

  • হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ (সামরিক জাহাজ নির্মাতা)
  • প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ (ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিলিটিস ম্যানেজার)
  • গ্লোবাল ডাইমেনশনস (ইন্টেলিজেন্স ফার্ম)

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই তিনটি কোম্পানি “চীনের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে বিপন্ন করছে।”

সূত্র: এপি