গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের বাসিন্দা এবং মাছ ব্যবসায়ী ওবায়দুল শেখ (৪৮)। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাদারীপুর থেকে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত ছয়জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

