এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে চলা সড়ক অবরোধ ও বিক্ষিপ্ত সংঘর্ষের কারণে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আশেপাশে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেছেন, অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, গাছে আগুন দিয়ে এবং ব্যাটারিচালিত ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করে চালককে মারধরও করা হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজ ও উপজেলা পরিষদ এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যা পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে। পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
জেলা প্রশাসক জানান, পর্যটনকেন্দ্র সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক পর্যটককে নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ি শহরে নিয়ে আসা হয়েছে এবং তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

