ডিমলায় ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত

0
52

নীলফামারীর ডিমলায় পাথরবোঝাই একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজারের কাছে ডিমলা-ডালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসার সহকারী সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা যায়, তিনি মোটরসাইকেলে করে মাদরাসায় যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি পাথরবোঝাই ট্রলি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।