ভালো নির্বাচনের জন্য সরকারকে সমর্থন দিয়েছি: শামসুজ্জামান দুদু

0
43

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাঁরা (বিএনপি) একটি ভালো নির্বাচনের জন্য সরকারকে টিকিয়ে রেখেছেন। তিনি সরকারের কাছে প্রত্যাশা করেন যে, স্বল্প সময়ের মধ্যে ভালো নির্বাচনের জন্য যা যা করা দরকার, সরকার যেন তা করে এবং সেজন্য তাঁদের সমর্থন রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু মন্তব্য করেন, একটি বিশেষ মহল মনে করছে যে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা “বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে”। তিনি মনে করেন, যারা এগুলো করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে।

তিনি জোর দিয়ে বলেন, এ দেশের মানুষ ১৬ বছর ধরে নিজের মতামত ও অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছে, আর সেই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয়, তা যাচাই করা উচিত।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠিত হবে এবং সেই পার্লামেন্টের মধ্য দিয়েই সরকার তৈরি হতে হবে। তিনি সতর্ক করে দেন যে, অন্তর্বর্তী সরকার বা অন্য কেউ যদি মনে করে নির্বাচনের বাইরে জনগণের ওপর কিছু চাপিয়ে দেবে, সেটি গ্রহণযোগ্য বা ঠিক হবে না।

শামসুজ্জামান দুদু আরও বলেন, “কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মনের ভেতরেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। এ দেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি।”

তিনি শেখ হাসিনার শাসনের সমালোচনা করে বলেন, “১৬ বছর শেখ হাসিনার যে নির্মম ও ভয়ংকর শাসন, সেই শাসনকে এ দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।” তিনি আরও বলেন, “শেখ হাসিনার এই পরিণতি- এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে (ভারত) আছে- এটাই তার আসল ঠিকানা।”

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।