‘সব অশুভ শক্তিকে পরাজিত করে ঐক্য ও সম্প্রীতির জয় হবে’: প্রধান উপদেষ্টা

0
45

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ঐক্য ও সম্প্রীতির প্রতীক। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দুর্গাপূজার কাঠামোতে দেশ ও জাতির ঐক্যের প্রতীক রয়েছে। দেবী দুর্গার দশভূজা শক্তি, লক্ষ্মীর ধন, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব এবং গণেশের সাফল্য একসঙ্গে সব অশুভ শক্তিকে পরাজিত করে। তিনি বলেন, “যদি আমরা নিজেরা নিজেরা বিভক্ত হয়ে যাই এবং ঐক্যবদ্ধ না হই, তাহলে জাতি হিসেবে উন্নতি করতে পারব না।”

দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় তিনি আশা করেন যে, সবাই আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারবেন। তিনি বলেন, উৎসবকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকার, রাজনৈতিক দল ও সমাজের সর্বস্তরের মানুষ তৎপর রয়েছে। তিনি আরও জানান যে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে যাত্রা শুরু হয়েছে, তা সফল করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি প্রার্থনা করেন যে, সব অশুভ ও অন্যায় পরাজিত হয়ে ঐক্য ও সম্প্রীতির জয় হবে এবং বাংলাদেশ কল্যাণ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।