মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বড় ধাক্কা: অ্যাতলেটিকোর কাছে ৫-২ গোলে হার!

0
122

শিরোপাহীন একটি মৌসুম কাটানোর পর নতুন কোচ ও পরিবর্তিত স্কোয়াড নিয়ে দারুণ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ এবার টানা ৬ জয়ের পর মাদ্রিদ ডার্বিতে বড় ধাক্কা খেলো। বিপরীতে, আগের ৬ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ যেন রিয়ালকে পেয়ে রীতিমতো আগুনে ফর্মে ছিল। তারা জাবি আলোনসোর দলকে হারিয়েছে ৫-২ গোলে।

এই ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদ ৭৫ বছরে প্রথম এত গোল হজম করল। এর আগে সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে লা লিগায় রিয়ালকে ৬-৩ গোলে হারিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। দুটি ঘটনা, অর্থাৎ ৫ গোলের বড় ব্যবধানে হার এবং ৭ গোলের ডার্বি, ফের গতকালের (শনিবার) ডার্বিতে দেখা গেল।

অ্যাতলেটিকোর মাঠ মেট্রোপলিটনে হওয়া ম্যাচটিতে বল পজেশনে (৬৩%) রিয়াল এগিয়ে থাকলেও, আক্রমণে তারা ছিল অসংগঠিত। রিয়াল ৬টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে, যেখানে দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো ১৩টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছে।

ম্যাচে গোল করেছেন অ্যাতলেটিকোর হয়ে হুলিয়ান আলভারেজ জোড়া গোল, এবং রবিন লে নরমান্দ, আলেক্সান্ডার সোরলোথ ও আঁতোয়ান গ্রিজম্যান একটি করে গোল করেন। রিয়ালের পক্ষে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে ও আর্দা গুলার।

১৪ মিনিটে রিয়াল প্রথমে পিছিয়ে পড়ে। গিলিয়ানো সিমিওনের কাছ থেকে বল পেয়ে সেন্টারব্যাক লে নরমান্দ জালে বল জড়ান। মিনিট দশেক পরই আর্দা গুলারের দারুণ এক পাস থেকে এমবাপে বক্সে ঢুকে নিচু শটে সমতায় ফেরান রিয়ালকে। এটি চলতি লা লিগায় তার অষ্টম গোল। ৩৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বলে এক স্পর্শে গোল করে লস ব্লাঙ্কোসরা লিড নেয় গুলারের গোলে।

তবে এই লিড ধরে রাখা যায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রসে পাওয়া বলে হেড দিয়ে সফল হন সোরলথ।
দ্বিতীয়ার্ধে রিয়াল আর কোনো শক্ত আক্রমণ তো করতেই পারেনি, উল্টো তিন গোল হজম করেছে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে আলভারেজ ব্যবধান ৩-২ এ পরিণত করেন।

৬৩ মিনিটে ফ্রি-কিক থেকে আলভারেজ নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।
৯০ মিনিট পর যোগ করা সময়ে ২২ ম্যাচ গোলখরায় থাকা গ্রিজম্যান স্কোরশিটে নাম তুলে জয় নিশ্চিত করেন।

পয়েন্ট টেবিলের অবস্থা:
৫-২ ব্যবধানে বড় এই হার সত্ত্বেও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রিয়াল, ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তবে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে অবস্থান করছে, যারা আজ (রোববার) রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে। অন্যদিকে, অ্যাতলেটিকো ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে চারে।