মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ৪ অক্টোবর থেকে

0
82

মা ইলিশ মাছ রক্ষা এবং প্রজনন মৌসুম নিশ্চিত করার জন্য আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এই উদ্যোগের আওতায় মোট ১৫,৫০৩.৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

উপদেষ্টা জানান, ইলিশের স্থায়ী উৎপাদন বাড়াতে এবং নিরাপদে ডিম দেওয়া নিশ্চিত করার জন্য এই বিশেষ অভিযান পরিচালিত হবে, যার নাম ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’। এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে আশ্বিনী পূর্ণিমার আগের চারদিন এবং অমাবস্যার পরের তিনদিনসহ মোট ২২ দিন। এই অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌ ও বিমান বাহিনীসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশগ্রহণ করবে।

এছাড়াও, দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও, ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৮১.৪৩৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বলে জানানো হয়েছে।